বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুণগত ও মানসম্মত শিক্ষায় জোর দেওয়া উচিত : ড জহিরুল হক

প্রকাশিত July 6, 2023
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুণগত ও মানসম্মত শিক্ষায় জোর দেওয়া উচিত : ড জহিরুল হক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‌’শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মানুবর্তিতা ও শিক্ষক-শিক্ষার্থীদের একাগ্রতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। দেশে শিক্ষার পরিমাণগত দিকের তথা শিক্ষার হারের অগ্রগতি হয়েছে; কিন্তু মানসম্মত শিক্ষা তথা শিক্ষার গুণগতমানের উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। ৪র্থ শিল্প বিপ্লব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় আমাদেরকে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এজন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম, অঙ্গীকারবদ্ধ শিক্ষক, সময়মতো কোর্স সম্পাদন ও ফলাফল প্রকাশ, শিক্ষাক্রমের ধারাবাহিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থার বাস্তব অবস্থার তুলনা করে সংকটসমূহ চিহ্নিত করে সংশোধন প্রয়োজন। মেট্রোপলিটন ইউনিভার্সিটি গুণগত ও মানসম্মত শিক্ষাদানে অঙ্গীকারবদ্ধ আছে।’
বৃহস্পতিবার ৬ জুলাই সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের (জানুয়ারি-জুন ২০২৩) ফাইনাল পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নানা শাখা নিরন্তর কাজ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের মতো বিষয়গুলো একই সুতোয় গাঁথা। শৃঙ্খলার যেকোনও ব্যত্যয় শিক্ষক বা শিক্ষার্থী কারও মঙ্গল বয়ে আনতে পারেনা। এজন্য প্রয়োজন আন্তরিকতা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতাসহ সকল পেশাদার গুণাবলীর চর্চা। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
পরীক্ষা শেষ হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল পৌঁছে দিতে পারায় তিনি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হকের হাতে ই ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ। পরে উপাচার্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের পোস্ট-ফেক্টোরাল অনুমোদন সাপেক্ষে ফলাফলে স্বাক্ষর ও প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড সুরেশ রঞ্জন বসাক, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড মো তাহের বিল্লাল খলিফা, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড মো নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান ড রমা ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান দেবাশিষ রায়, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, ইলেকট্রনিক এন্ড ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী অহিদুজ্জামান, ডাইরেক্টর (ফাইনান্স) ইনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক সুমনা আজিজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি