বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নিশ্চিতপুর থেকে কুশিয়ারতলা পর্যন্ত রাস্তায় কাদা ও পানির সঙ্গে মানুষের লড়াই চলছে।
গত ৬ মার্চ উপজেলার মক্রমপুর ইউনিয়নে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। পরবর্তী সময়ে কার্পেটিংয়ের প্রয়োজনে রাস্তার বুক খুঁড়ে মাটি সরিয়ে রাখা হয়; কিন্তু ৪ মাসেও কার্পেটিং কাজ শুরু করা হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানটি হাত-পা গুটিয়ে বসে আছে।
অন্যদিকে বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন স্থান ভেঙ্গে খানাখন্দ তৈরি হয়ে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। তাই কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছেনা। কাদা-পানি মাড়িয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তাই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটির উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মো মিনারুল ইসলাম জানান, বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। তবে চলতি মাসের মধ্যে আবারও রাস্তার কাজ শুরু করা হবে।