বিশেষ প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট অভিযোগ করেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নাট্যকর্মীদেরকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এর প্রতিবাদে ঢাকায় শনিবার, ১ জুলাই বিকেলে মানববন্ধন করা হয়।
এর আগে পবিত্র ঈদুল আযহার ঠিক পূর্বদিন যখন একদিকে কুরবানির প্রস্তুতি নিয়ে ঘাম ঝরানো ব্যস্ততা আর অন্যদিকে বৃষ্টিভেজা রাজপথে ফিরতি রথের রশি ধরে টানাটানিতে পরম আনন্দবোধ তখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুরমাপারের সংস্কৃতিকর্মীদের মানবন্ধন। প্রতিবাদ একই ন্যাক্কারজনক ঘটনার। অভিযোগ, ২৬ জুন সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রখ্যাত নাট্যকার মমতাজউদ্দিন আহমদের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ মঞ্চায়ন হচ্ছিল। এ অবস্থায়ই শরীরে চুলকানিসহ নানা ধরনের অস্বস্তি শুরু হয় শিল্পীদের। এরপরও পুরো মঞ্চায়ন সম্পন্ন করেন তারা; কিন্তু নাটক শেষ হওয়ার পরপরই তাদের অস্বস্তি চরম রূপ নেয়। অন্তত ১৮ নাট্যশিল্পী হয়ে পড়েন অসুস্থ। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নেওয়ার পর সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
নাট্যকর্মীদের ব্যবহৃত পোশাক-পরিচ্ছদে কোনো ধরনের রাসায়নিক বা বিষাক্ত পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযোগের শেষ এখানেই নয়-আরও আছে। এর আগেও চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে মঞ্চে-অনুষ্ঠান চলার সময় শিল্পীদের উপর। সংস্কৃতিকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মতো অপকর্মও চালানো হয়েছে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই, জাতীয় কবিতা পরিষদের প্রতিনিধি অপূর্ব শর্মা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের যুগ্মসম্পাদক অনিমেষ বিজয় চৌধুরী রাজু ও সুকান্ত গুপ্ত, কোষাধ্যক্ষ বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনি প্রমুখ। সংহতি প্রকাশ করেন নাট্যব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন কবির জুয়েল, কবি আবিদ ফায়সাল, সংস্কৃতিকর্মী সুমন্ত গুপ্ত, বাউল বশির উদ্দিন সরকার, নাট্যকর্মী ধ্রুব জ্যোতি দে, সংস্কৃতিকর্মী কামাল আহমেদ দুর্জয়, জাফর সাদেক শাকিল, মিফতাউল আলম, শ্রুতি সিলেটের অর্পিতা দাশ গুপ্ত, অনিক দেবনাথ, সপ্তক গুপ্ত প্রমুখ।
এই প্রতিবাদী কর্মসূচি থেকে এ ধরনের অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এই দাবি কতটা বাস্তবরূপ পাবে তা বলা যাবেনা। তবে নিশ্চিতভাবে এ কথা বলা যায় যে, এই চুলকানিই শেষ নয়-আরও চুলকানি আছে। শুরু হয়েছে মাত্র। জামালপুরে প্রকাশ্যে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার পর চাপাই নবাবগঞ্জে সংস্কৃতিকর্মীদের হত্যার চেষ্টা। এরপর অন্যান্য পেশায় আঘাত প্রায় নিশ্চিত। উপলক্ষ আগামী জাতীয় সংসদ নির্বাচন। উদ্দেশ্য মানুষকে ক্ষেপিয়ে তোলা, যাতে রাষ্ট্রক্ষমতায় আবার পাকিস্তানি ভূতের আছড় পড়ে।
এই আশংকায় অনেক আগেই বিভিন্ন শ্রেণিপেশা থেকে জানান দেওয়া হয়েছিল যে, প্রশাসনে আর সরকার দলেও এই ভূতেরা সক্রিয়; কিন্তু পাত্তা দেওয়া হয়নি। বরং এ দুই জায়গাকেই মুনাফা লুটে বা মুনাফার লোভে আমদানিকৃত ‘দূষিত পণ্যে’ সয়লাব করা হয়েছে।
এই ‘দূষিত পণ্য’ ইতোমধ্যে অনেক জায়গায় পচন ধরিয়ে দিয়েছে, যা আগামী অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে কঠিন করে তুলতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ‘অর্জন’ ও ‘বর্জন’ পাশাপাশি রেখে একটু যাচাই করে দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে। গত ১৫ বছরে এতে অগ্রগতির পরও অর্ধেকের বেশি ভোটারের অনুপস্থিতি আর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী এক প্রার্থীর ৫০ হাজার ও আরেক প্রার্থীর ৩০ হাজার ভোট পাওয়াকে ছোট করে দেখার বিন্দুমাত্র সুযোগ নেই।