জুড়ী প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশী-বিদেশী অনেকেই সহ্য করতে পারছেনা। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। এ কারণেই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। অন্যথায় বাংলাদেশ সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের মতো দেশে পরিণত হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ‘নৌকা মার্কা’র বিকল্প নেই।
রবিবার, ২ জুলাই সকালে মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার অনুকূলে প্রাপ্ত ‘উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ’ থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাতা, দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন এবং ক্ষুদ্র-নৃ গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় হাঁস-মুরগি ও গরু পালনের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো বদরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।