বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। পানি বাড়ছে সুরমাসহ সকল নদীতে। নৌকাডুবিতে তিন শিশু প্রাণ হারিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, রবিবার, ২ জুলাই বিকেল ৫টায় সুরমা নদী বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ছাতকে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পার্শ্ববর্তী ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি অব্যাহত রয়েছে।
দুপুরে কিত্তার হাওরে মাছ ধরতে গিয়ে তিন শিশু বানের পানিতে ডুবে মারা যায়।
সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে ঢুকে পড়েছে। খুলে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যাতে বানভাসি মানুষ আশ্রয় নিতে পারে।
জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় নগদ অর্থ ও খাদ্যসামগ্রী মজুদ আছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর ভয়াল রূপই জানান দিচ্ছে, বন্যা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। ছবিটি তুলে পাঠিয়েছেন ফৌজিয়া আক্তার।