আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে মানুষকে বোকা বানিয়েছে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত July 1, 2023
আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে মানুষকে বোকা বানিয়েছে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করে দেশেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন আবার তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করতে চায়।
তিনি আরও বলেছেন, দেশে আজ তেল, গ্যাস ও বিদ্যুৎ নেই। রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। ডলার সংকটে মুখ থুবড়ে পড়ছে আমদানি। দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই। মানুষের মনে ঈদের আনন্দ নেই। এমন অবস্থায় দেশবাসীকে মুক্ত করতে বিএনপি ১০ দফা ঘোষণা করেছে। সাধারণ মানুষ এই ১০ দফার পক্ষে ঐক্যবদ্ধ। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরে পেতে ১০ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।
শুক্রবার, ৩০ জুন দিনভর সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলছিলেন।
এ সময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকারের ভায়াবহ দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষ দু’বেলা পেট ভরে খেতে পরছেনা। বেগম খালেদা জিয়া গৃহান্তরীণ। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার তারেক রহমান দেশে ফিরতে পারছেননা। যখন স্বৈরতান্ত্রের পতন হবে, যখন মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পাবে, তখনই মনে ঈদের আনন্দ আসবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্মসম্পাদক ওয়াহিদুজজামান সুফী, সহপ্রচার সম্পাদক শাহীন আলম জয়, যুক্তরাজ্য বিএনপি নেতা দুলাল হোসেন, জেলা যুবদল নেতা আবুল কাশেম, শামসুল ইসলাম শিমুল, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল, বিএনপি নেতা শেখ মিলাদ হোসেন মেম্বার, নজির হোসেন, বেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শরীফ উদ্দিন, সেচ্ছাসেবকদল নেতা রহমত আলী প্রমুখ । সংবাদ বিজ্ঞপ্তি