এবারও ২৪ ঘণ্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণ করবে সিসিক : মেয়র আরিফ

প্রকাশিত June 28, 2023
এবারও ২৪ ঘণ্টার মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণ করবে সিসিক : মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিশ্চিত করেছেন, ২৪ ঘণ্টার মধ্যেই কুরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে।
সিসিকের জনসংযোগ শাখা বুধবার, ২৮ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে আরও জানানো হয়, অন্যান্য বছরের মতোই দ্রুত বর্জ্য অপসারণ করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগর পরিচ্ছন্নতায় সিসিকের ১০টি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
সিসিকের পরিচ্ছন্ন শাখার অন্তত ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী ৩ স্তরে কাজ করবেন। ৪২টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজ করবে দল ১০টি। এছাড়া সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে মাঠে থাকবে বিশেষ তদারকি দলও। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশক ছিটানো হবে।
নগর পরিচ্ছন্নতার কাজে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মতিউর রহমান খান, সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী মো জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান এবং প্রশাসনিক কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মেয়র আরিফুল হক চৌধুরী কুরবানির পশুর বর্জ্য বাসা-বাড়ির আশপাশে কোনো ড্রেন, ছড়া কিংবা নদীতে না ফেলে নির্ধারিত স্থানে বা বাসার সামনে সংরক্ষণ করে সিসিকের পরিচ্ছন্ন শাখায় যোগযোগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।