বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়া জেলখানার বাইরে আছেন রাষ্ট্রের নির্বাহী আদেশে-আদালতের আদেশে নয়।
তিনি আরও বলেছেন, বেগম খালেদা জিয়া কখনওই আদালতে আসেননি। তার জামিন আদেশ খারিজ হয়ে গেছে। যেহেতু তার পক্ষ থেকে একটি লিভ পিটিশন করা হয়েছে তাই তার আইনজীবীদেরকেই এর শুনানি করতে হবে; কিন্তু তারা তা করছেননা।
রবিবার, ২৫ জুন রাতে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এটর্নি জেনারেল সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
এর আগে পৌরসভার মেয়র মো ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো কামাল হোসেন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো কামরান চৌধূরী ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। এছাড়াও জেলার রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় এ এম আমিন উদ্দিন বলেন, আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিভা থাকার পরও তারা জেলার বাইরে যেতে চাননা।
জেলার বাইরে নিজেদের অবস্থান তৈরি করার জন্য তিনি তাদের পরামর্শ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে এটর্নি জেনারেলকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন মেয়র ও কাউন্সিলররা। অনুষ্ঠানে পৌরসভার নাগরিক, কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।