এপিএতে আবারও দেশ সেরা পুরস্কার পেলো সিসিক || অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন মেয়র

প্রকাশিত June 25, 2023
এপিএতে আবারও দেশ সেরা পুরস্কার পেলো সিসিক || অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন-সিসিক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএ বাস্তবায়নে ‘দেশ সেরা’ হিসেবে টানা তিনবার প্রথম হলো।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল সিটি কর্পোরেশন সহ ২০টি দপ্তর ও সংস্থার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক মূল্যায়নে সিসিক আবার প্রথম হয়েছে।
রবিবার, ২৫ জুন সচিবায়লে এলজিআরডি সচিব মুহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেন।
এ সময় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে সিসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
এই সাফল্যে মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, করোনা অতিমারি ও বন্যাসহ প্রাকৃতিক বিপযর্য়ের সময়েও সিলেট মহানগরীর নাগরিকদের সহাযোগিতায় সিসিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও সেবা প্রদান করতে পেরেছে।
জীবনের ঝুঁকি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারী নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে সচেষ্ট ছিলেন উল্লেখ করে তিনি এই অর্জন সিলেট নগরবাসীকে উৎসর্গ করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নাগরিক সেবার মান বৃদ্ধি ও সুষম উন্নয়ন বাস্তবায়নে সিসিকের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
সিসিকের এমন অর্জনের জন্য তিনি প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণের সহযোগিতার কথা স্মরণ করেন ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ‘সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি’র আওতাধীন দেশের সকল সিটি কর্পোরেশন সহ ২০টি দপ্তর ও সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষতি হয়।
২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণক ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়। সূত্র সিসিক জনসংযোগ শাখা