নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বৃহস্পতিবার, ২২ জুন বিকেলে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সংসদ সদস্য হাবিুবর রহমান হাবিব প্রমুখ।
আনোয়ারুজ্জামান চৌধুরী পরে জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বুধবার অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী ‘নৌকা’ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২ ভোট। আওয়ামী লীগ প্রার্থী ৬৮ হাজার ৩ শতাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণার পর নতুন মেয়র মহানগরীর একটি অভিজাত হোটেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশাল এ জয় সিলেটের ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে উৎসর্গ করেন।
এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী সবার সহযোগিতায় তার ২১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ ব্যাপারে তিনি দলীয় নেতা-কর্মীসহ সিলেটের সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী তার উপর আস্থা রাখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দুই কন্যা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অপর কন্যা শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।