সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি সেবাসমূহ আধুনিকায়ন হচ্ছে। অনেক সেবাই এখন ঘরে বসে স্বল্প সময়ে অনলাইনে পাওয়া যায়। বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে স্মার্ট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
রবিবার, ১৮ জুন সিলেট মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভাগীয় উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার)-পিপিএম-সেবা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো আব্দুর রাজ্জাক সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম কাসেম।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকারি কাজ করার পদ্ধতিগুলো অনেক প্রাচীন ছিলো; কিন্তু এখন স্মার্ট হচ্ছে। মানুষের ভূমি ব্যবস্থাকে আরও স্মার্ট করতে অটোমেশন করা হয়েছে। স্মার্ট কৃষি ধারণার মাধ্যমে কৃষির প্রসারণ ঘটছে। সিলেটে জেলা প্রশাসন থেকে স্মার্ট ডিজিটাল ভ্রমণ গাইড তৈরি করা হয়েছে।
সরকারি কর্মচারীরা সরকারের নির্দেশনা মেনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে স্মার্ট ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করে।
বিভাগীয় কমিশনার ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নসহ বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান ।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন ভাষা সংগ্রহে স্মার্ট আইডিয়া সম্পর্কে বলেন, উপজাতিদের ভাষা সংগ্রহে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। বর্তমান সরকার মনিপুরী সেন্টার স্থাপন করেছে। উপজাতিদের ভাষায় পাঠ্যবই প্রস্তুত করা হয়েছে এবং তা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে।
সরকারের সুদূরপ্রসারি উদ্ভাবনী ধারণা সম্পর্কে তিনি বলেন, জনবান্ধব সরকারি সেবাগুলো নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দিতে প্রতিটি জেলা-উপজেলা থেকে উদ্ভাবনী ধারণা আসছে। মূল্যায়ন কমিটি আইডিয়াগুলো যাচাই বাছাই করবে এবং শ্রেষ্ঠ আইডিয়াদাতাদের পুরস্কার দেবে। পিআইডি