নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল পরিকল্পিত নগর গড়ার পাশাপাশি সিসিককে সেবামূলক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে চান।
তাই মেয়র নির্বাচিত হলে সিলেট মহানগরীকে সাজাতে নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২১ দফা বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেছেন।
রবিবার বিকেলে মহানগরীর কুমারপাড়ায় ‘লাঙ্গল’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে তিনি তার ইশতেহার ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ ও মহানগর সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ দলীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন।
ইশতেহারে নজরুল ইসলাম বাবুল উল্লেখ করেন, নির্বাচিত হলে সিলেটকে একটি নাগরিকবান্ধব, শিল্পবান্ধব, যানজটমুক্ত, পরিবেশবান্ধব, জলাবদ্ধতামুক্ত ও সুপরিকল্পিত আবাসনের নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবেন।
তিনি প্রতিশ্রুতি দেন, সিসিককে সর্বজনীন ও দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সিসিকের সঙ্গে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
পাশাপাশি তিনি নগর ভবনকে আধুনিক ও ঐতিহ্যের মিশেলে একটি দৃষ্টিনন্দন নগরভবনে রূপান্তর করবেন।।
নগরের সেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে উল্লেখ করে নজরুল ইসলাম বাবুল বলেন, এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে।
সিলেট সিটি করপোরেশনের কর ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে নজরুল ইসলাম বাবুল ইশতেহারে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন, নিম্নবিত্ত ও বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন ও বস্তিগুলোকে উন্নত সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন হবে। এছাড়া ওয়ার্ডভিত্তিক উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী নাগরিক কমিটি গঠন করা হবে এবং পুরনো ওয়ার্ডগুলোর বিদ্যমান সমস্যার পাশাপাশি নতুন হওয়া ১৫টি ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়নে প্রকল্প নেওয়া হবে বলেও তিনি জানান।
নজরুল ইসলাম বাবুল বলেন, নির্বাচিত হলে ১০০ দিনের একটি কর্মসূচি হাতে নেবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে নগর উন্নয়নে সব পদক্ষেপ নেওয়া হবে।