নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা উন্নয়ন পরিকল্পনা সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার, ১৭ জুন দুপুরে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেল মিলনায়তনে জনাকীর্ণ সুধী ও সাংবাদিক সমাবেশে ঘোষিত ‘আমরার সিলেট’ শিরোনামের ইশতেহারে তিনি নাগরিক জীবনের অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরে প্রতি দফায় একটি করে তার উন্নয়ন পরিকলল্পনা ব্যাখ্যা করেছেন। সেই সঙ্গে আবারও জোর দিয়ে বলেন, নগরবাসী তাকে নির্বাচিত করলে প্রতিটি উন্নয়ন হবে পরিকল্পিত। এর মাধ্যমে সিলেটকে গ্রিন-ক্লিন-স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরীর ইশতেহারে উল্লেখিত ২১ দফায় রয়েছে স্মার্ট নগর ভবন, সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট, নারীবান্ধব সিলেট, ব্যবসাবান্ধব সিলেট, পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, সচল সিলেট, মানবিক উন্নয়নে সিলেট, প্রবাসীবান্ধব সিলেট, সম্প্রীতির সিলেট, পর্যটনবান্ধব সিলেট, সামাজিক অপরাধ নির্মূল, অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট, নাগরিকবান্ধব সিলেট, তারুণ্যের সিলেট ও প্রযুক্তির সিলেট।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও ১৪ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহার ঘোষণার আগে আনোয়ারুজ্জামান চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।