নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জানিয়েছেন, সিলেট অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে আশংকা রয়েছে বড় ধরনের বন্যার। তাই পরিস্থিতি মোকাবেলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার, ১৫ জুন বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সকলকে অবহিত করেন। এছাড়া, সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিগণ নিজ নিজ অধিক্ষেত্রের আওতাধীন বিষয়াবলী উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করেন।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের পক্ষ থেকে জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিপাত হয় ১০২ মিলিমিটার। গতবছরের জুন মাসে ১৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সিলেটে জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ৮১৮ মিলিমিটার। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যার আশংকা আছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বন্যাকালীন উদ্ধারকাজ ত্বরান্বিত করতে পার্শ্ববর্তী জেলা হতে নৌযান নিয়ে আসার অনুরোধ করেন।
তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে নৌযান প্রাপ্তির জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। বর্তমানে সিলেটে ৪১৯ মেট্রিক টন চাল, ২ লাখ ৪০ হাজার টাকা, ৪৬৬ বান্ডিল ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ ১৩ লাখ ৯৮ হাজার টাকা মজুদ আছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পরামর্শ দেন। যেসব উপজেলায় পাহাড় ধ্বসের শংকা রয়েছে সেগুলোতে অতি বর্ষণের সময় পাহাড়ের পাদদেশ হতে সকলকে সরিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি ২০ হাজার প্যাকেট/বস্তা শুকনো খাবার মজুদের লক্ষ্যে চাহিদাপত্র প্রেরণ, পর্যাপ্ত মেডিক্যাল টিম গঠন, পর্যাপ্ত ঔষধ মজুদ রাখা ও দুর্যোগের স্থায়ী আদেশাবলী অনুযায়ী নিজ নিজ দপ্তরকে বন্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া খাদ্য গুদামের পানি নিষ্কাশনের নিমিত্ত প্রয়োজনীয় পাম্প ক্রয়ের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জেলা প্রশাসক পরামর্শ দেন।
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও অর্থ মজুদ আছে বলে সভাপতি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এসএমপি), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের কার্যালয়), নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর), নির্বাহী প্রকৌশলী (সিলেট সিটি কর্পোরেশন), জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রতিনিধি (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), সহকারী পরিচালক (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ সভায় জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন। সূত্র তথ্য বিবরণী