নির্বাচিত হলে জনমত নিয়ে পরিকল্পিত উন্নয়ন সাধনে সচেষ্ট থাকবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত June 13, 2023
নির্বাচিত হলে জনমত নিয়ে পরিকল্পিত উন্নয়ন সাধনে সচেষ্ট থাকবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নগরবাসীর রায়ে নির্বাচিত হলে তিনি উন্নয়ন করবেন পরিকল্পিতভাবে। এ জন্যে প্রতিটি ওয়ার্ডে ‘ওপেন হাউস ডে্’ করবেন। তিন মাস পরপর নগর ভবনে করবেন নাগরিক সংলাপ। এভাবে বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা জেনে এবং নাগরিক ও বিশেষজ্ঞদের অভিমত নিয়ে প্রকল্প প্রণয়ন করবেন।
আওয়ামী লীগ প্রার্থী স্পষ্ট করে দিয়েছেন, নগর ভবনে সবাই সমান অধিকার নিয়ে অবাধে আসা-যাওয়া করবেন। কারও জন্যে বিশেষ সুবিধা থাকবেনা। সমান দৃষ্টিতে সকলের সমস্যা দেখা হবে এবং গুরুত্ব বিবেচেনায় অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
মঙ্গলবার, ১৩ জুন দুপুরে মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা আয়োজিত ‘আগামীর সিলেট নগরী কেমন হবে’ শিরোনামের মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
তার কাছে প্রথমে আয়োজকদের পক্ষ থেকে ২০টি প্রশ্ন তুলে ধরেন স্থপতি কৌশিক সাহা। পরে ইমরান আহমদের সঞ্চালনায় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা প্রশ্ন রাখেন। সাবলীলভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে শুরুতেই জানিয়ে দেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তার পক্ষে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ নেই। তাই কেবল নিজের পরিকল্পনার কথা প্রকাশ করবেন।
আরও বলেন, মেয়র নির্বাচিত হলে সিলেটের পরিকল্পিত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছের প্রতিফলন ঘটাতে তিনি সচেষ্টা থাকবেন।
প্রশ্নগুলো ছিল বর্তমান নগরভবনকে স্মার্ট নগরভবনে রূপান্তর, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা উন্নত করা, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন নগরী ও জনস্বাস্থ্য উন্নয়ন, পর্যাপ্ত গণপরিবহন চালু, যানজট নিরসন, সুরমা নদীর নাব্যতাবৃদ্ধি ও অকাল বন্যারোধ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, বঙ্গবন্ধু উদ্যান, ভালমানের ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিবেশ বান্ধব উন্নয়ন কর্মকাণ্ড ও সবুজায়ন, নিরাপদ নগরী ও শান্তির নগরী, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি, প্রস্তুতি ও তদারকি, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য সোলার প্ল্যান্ট বা পৃথক বিদ্যুৎ প্ল্যান্ট, নগরীতে একটি জাদুঘর স্থাপন, সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, দক্ষিণ সুরমা থেকে সুরমা নদীর তলদেশ দিয়ে ট্যানেল নির্মাণ, রাজধানীমুখী দ্রুতগামী ট্রেন চালু করতে ভূমিকা রাখা, পর্যাপ্ত পাবলিক টয়লেট তৈরি, খেলার মাঠের ব্যবস্থা, উদ্যোক্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নগরীর তারের জঞ্জাল পরিষ্কা করা।
উত্তরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, একটি স্মার্ট সিটির জন্য অবশ্যই স্মার্ট নগরভবন জরুরি, যেখানে প্রতিটি কাজে গতি থাকবে। সততা থাকবে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। কাউকে হয়রানি করা যাবেনা।
তিনি বলেন, মহানগরীর পয়ঃনিষ্কারশন ব্যবস্থা আরও উন্নত হতে হবে। পূর্বগবেষণামূলক স্যানিটেশন সলিউশনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। জলাবদ্ধতা দূর করতে দখল হওয়া ছড়াগুলো উদ্ধার করে বৃষ্টির পানিপ্রবাহ অবাধ করতে হবে।
আনায়ারুজ্জামান চৌধুরী নগরবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে ওয়ার্ড ভিত্তিক নিয়মিত ‘ওপেন হাউস ডে’র উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন নগরী ও জনস্বাস্থ্যের উন্নয়নে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণ, পরিকল্পিত গণপরিবহণ ব্যবস্থা চালু ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া, সুরমা নদীর নাব্যতাবৃদ্ধি ও অকাল বন্যা প্রতিরোধ, নদীর তীরে ইকোপার্ক ও ওয়াকওয়ে নির্মাণসহ প্রায় সকল প্রত্যাশার সঙ্গে একমত প্রকাশ করে জানান, তার নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো উঠে আসবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী দুয়েকটি বিষয় সম্পর্কে বলেন, এগুলো সিটি করপোরেশন সংশ্লিষ্ট নয়। তবু তিনি সংশ্লিষ্ট কর্তপক্ষ-প্রয়োজনে মন্ত্রী পর্যায়ে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।
সিলেটকে প্রকৃথ অর্থেই স্মার্ট ও আধ্যাত্মিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি নিরলস কাজ করে যাবেন বলে নিশ্চিত করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক স্থপতি রাজন দাশ, ক্রীড়া সংগঠক ফরহাদ কোরেশি, ব্যাংকার রেজাউর রহমান, তারেক আহমদ চৌধুরী, কামরান আহমদ, ব্যবসায়ী সুমন ভট্টাচার্য্য, ক্যাটারিং ব্যবসায়ী শান্ত দেব, নির্মাতা উত্তম কুমার সিংহ প্রমুখ।
এছাড়াও তরুণ পেশাজীবীদের মধ্যে চিকিৎসক, স্থপতি, আইনজীবী, শিক্ষক, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, এসএমই ও জেসিআইরা উপস্থিত ছিলেন।