বাংলাদেশে অস্ট্রেলীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড সাচা ব্লুমেন জানিয়েছেন, সিলেটে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অস্ট্রেলিয়া আগ্রহী। পর্যটন ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সিলেট তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার সরকার কাজ করছে।
মঙ্গলবার, ১৩ জুন সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কুমারপাড়ার বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা জানান।
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সিটি কর্পোরেশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে তারা কাজ করবেন বলেও ড সাচা ব্লুমেন জানান।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশন ও অস্ট্রেলীয় সিটি কর্পোরেশনের মধ্যে সিস্টার সিটির সর্ম্পক উন্নয়নের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব দেন।
সিসিক মেয়রের এই প্রস্তাবকে ড সাচা ব্লুমেন স্বাগত জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নী সামা হক চৌধুরী, মেয়রের সহকারী একান্ত সচিব মো সোহেল আহমদ, সিসিকের আইটি কনসালটেন্ট মো সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও মেয়রের ব্যক্তিগত সহকারী মো মুহিবুল ইসলাম ইমন। সূত্র সিসিক গণসংযোগ বিভাগ