সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালার সভাপতির দায়িত্ব নিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

প্রকাশিত June 13, 2023
সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালার সভাপতির দায়িত্ব নিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

এ এস কাঁকন, মৌলভীবাজার : সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষালয় ‘আনন্দ পাঠশালা’র শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম মতবিনিময় করেছেন।
সোমবার, ১২ জুন দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক মো আব্দুস সালাম তালুকদারের পরিচালনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, শেখ বোরহান উদ্দিন (র) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব ও সম্মিলিত সামাজিক সংগঠনের সভাপতি খালেদ চৌধূরী।
জেলা প্রশাসক বলেন, আনন্দ পাঠশালার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াবে এবং তাদের মানসিক বিকাশ সাধনে ও সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রেরণা জোগাবে।
তিনি বলেন, পড়ালেখায় আনন্দ আছে। তারা যেন সে আনন্দ খুঁজে পায়। তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে কথা বলতে তাদের মা-বাবার সঙ্গে। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এ কাজগুলো সকলকে করতে হবে, যাতে এই পথশিশু-ছিন্নমূল শিশুরা অপরাধের দিকে পা না বাড়ায়। তারা যেন আলোর পথে আসতে পারে।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিশুদের পাঠদানের জন্য আনন্দ পাঠশালাকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম এই সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা দিতে একদল তরুণ-তরুণীর উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করে আনন্দ পাঠশালা। বর্তমানে এখানে শিক্ষার্থী রয়েছে ১২০ জন। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় ৩০ জন শিক্ষক-শিক্ষিকা বিনা পারিশ্রমিকে পাঠদান করছেন। প্রথম দিকে সপ্তাহে দুই দিন করে পাঠদান চললেও এখন জায়গার অভাবে একদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠদান চলে।
মতবিনিময়কালে আনন্দ পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।