নতুন নীতিমালায় মাছের রোগ নির্ণয়ে ভেটেরিনারি কর্মকর্তা || ক্ষুব্ধ মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীরা

প্রকাশিত June 12, 2023
নতুন নীতিমালায় মাছের রোগ নির্ণয়ে ভেটেরিনারি কর্মকর্তা || ক্ষুব্ধ মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীরা

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় মাছের রোগ নির্ণয় করতে ও ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দিতে ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সাইন্স অনুষদের নিবন্ধিত গ্র্যাজুয়েটদের আইনি বৈধতা দেওয়ায় দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সোমবার, ১২ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে মাৎস্যবিজ্ঞান অনুষদ ছাত্র সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়।
এতে মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ছাড়াও অনুষদের ডিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অতিদ্রুত এই নীতিমালা সংশোধন করে মাছের রোগ নির্ণয় ও প্রেস্ক্রিপশন করার দায়িত্বে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের পরিবর্তে মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েটদের স্থলাভিষিক্ত করার পাশাপাশি ফিশারিজ কাউন্সিল গঠনের জোর দাবি জানানো হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন জানান, ‘ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব এনিম্যাল হেলথ’ কর্তৃক আন্তর্জাতিক ভাবে স্বীকৃত রয়েছে যে, জলজ প্রাণীদের ভেটেরেনারি নিবন্ধিত গ্র্যাজুয়েট ও একুয়াটিক এনিম্যাল হেলথ প্রফেশনাল উভয়ই রোগ নির্ণয় করতে ও প্রেস্ক্রিপশন দিতে পারবেন। অথচ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নতুন নীতিমালা অনুযায়ী তারা একুয়াটিক এনিম্যাল হেলথ প্রফেশনালদের বাদ দিয়ে শুধু ভেটেরেনারি গ্র্যাজুয়েটদের মাছের চিকিৎসা করার দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদদাতা