বাবনা পয়েন্টে আনোয়ারুজ্জামান : নির্বাচিত হলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবো

প্রকাশিত June 12, 2023
বাবনা পয়েন্টে আনোয়ারুজ্জামান : নির্বাচিত হলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, তিনি নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করবেন।
তিনি আরও বলেছেন, ‘নৌকা’র জয় নিশ্চিত হলে যাবতীয় অশান্তির কারণ দূর করে সবক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন। সেবক হয়ে কাজ করার সুযোগ চান আনোয়ারুজ্জামান চৌধুরী। তাই আগামী ২১ জুনের নির্বাচনে সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তার জীবনে নিজের মহানগরীর নাগরিকদের সেবা করার সুযোগ হবে।’
সোমবার, ১২ জুন দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, ‘সিলেটের ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের সবগুলো সমস্যা সম্পর্কে আমি অবগত। এ নিয়ে আমি ব্যাপক কাজ করছি। কথা বলছি সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে। সমস্যাগুলো জানার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়েও কাজ করছি। ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে নগরভবনে যেতে পারলে সবগুলো সমস্যার অবশ্যই সমাধান করা হবে।’
পথসভার আগে ও পরে তিনি বাবনা পয়েন্ট এলাকায় গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও অধিবাসীদের সঙ্গে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।
এ সময় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে খোলামেলা কথা বলেন।
তারা জলাবদ্ধতা দূরীকরণ ও সিটি করপোরেশনের ট্যাক্স হ্রাস করার বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী সয়ফুল, জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মুহিম, শ্রমিক নেতা শাহ মো দিলওয়ার, মো দিলু মিয়া, আব্দুস সালাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি