নাজিরবাজার দুর্ঘটনার জন্যে দায়ী ট্রাকের চালককে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত June 11, 2023
নাজিরবাজার দুর্ঘটনার জন্যে দায়ী ট্রাকের চালককে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব গত ৭ জুন সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার নাজিরবাজারে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার জন্যে প্রাথমিকভাবে দায়ী বলে চিহ্নিত ট্রাকের চালককে গ্রেফতার করেছে।
সেদিন ভোর সাড়ে ৪টার দিকে আনুমানিক ৩০ জন নির্মাণ শ্রমিক প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্যে একটি ডিআই পিকআপ (রেজি নং-সিলেট ন-১১-১৬৪৭) যোগে সিলেট হতে তাজপুরের উদ্দেশ্যে রওনা হন।
সকাল পৌণে ৬টার দিকে নাজিরবাজারের কাছে কুতুবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে সিলেটমুখী একটি আলুভর্তি ট্রাকের (রেজি নং-ঢাকা মেট্রো ট-১৩-০৭৮০) সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হন। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।
এ ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক সায়েদ নূরের ছেলে বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় সেদিন বিকালে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে দুর্ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শনিবার, ১০ জুন সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় পটুয়াখালী সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক ট্রাক চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ট্রাক চালক মো শফিকুল ইসলাম (২৭) শেরপুর সদর উপজেলার নয়াপাড়া মোকসেদপুর এলাকার মো মিস্টার মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে। সূত্র তথ্য বিবরণী