প্লাস্টিকের ব্যবহার কমানোর উপর গুরুত্ব আরোপ করে সিলেটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

প্রকাশিত June 5, 2023
প্লাস্টিকের ব্যবহার কমানোর উপর গুরুত্ব আরোপ করে সিলেটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি প্লাস্টিক রি-সাইক্লিং ও পুনঃব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সোমবার, ৫ জুন সিলেটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে-সামিল হই সকলে’।
দিনটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান পিপিএম (বার), বিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, জেলা প্রশাসক মো মজিবর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মাহমুদুল ইসলাম নজরুল এবং নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মো বদরুল হুদা।
অতিথিরা পরিবেশ দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভার পর পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, স্লোগান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মেধ্য ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। তথ্য বিবরণী