নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতীক দলীয়। তাই দলীয় মনোনয়নপ্রাপ্তদের বেলায় হেরফের হওয়ার সুযোগ নেই। তবু অপেক্ষা করতে হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত দিনে নির্দলীয় প্রার্থীদের প্রতীক চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেউ প্রতীক নিয়ে প্রচারণায় নামতে পারেননা।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্যে প্রতীক বরাদ্দের নির্ধারিত তারিখ ছিল শুক্রবার, ২ জুন। আগের দিন মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ায় প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যায়।
যথারীতি প্রতীক বরাদ্দ পেয়েই আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েন। আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কাছেই মেন্দিবাগ ও শাহজালাল উপশহর এলাকা। তাই এ দুই এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরী ‘নৌকা’ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান। কুশল বিনিময় করেন সবার সঙ্গে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিতরণ করেন লিফলেট। সকলের নিকট দোয়াও চান।
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুনের নির্বাচনে সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা চেয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন ‘নৌকা’ কেবল আওয়ামী লীগের ‘প্রতীক’ নয়-এ প্রতীক বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্যের। তাই নগরবাসী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ‘নৌকা’ মার্কায় তাকে ভোট দিলে তিনি স্বপ্নের স্মার্ট সিলেট নগরী উপহার দিবেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।