বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী সিলেটে নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের বাঁধা উপেক্ষা মঙ্গলবার, ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
কর্মসূচি পালনকালে বিএনপি নেতারা ঘোষণা করেন, কোনো বাঁধা-বিপত্তিতেই চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হবেনা।
দিনটি উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি ছিল দুপুরে হযরত শাহজালাল (র) দরগা প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং বিকেলে সালুটিকর এলাকায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। এতেই পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্যের কারণে দেশের সাধারণ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। এই অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করতেই বিএনপি জনগণের নায্য দাবি আদায়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সরকার দলের নেতারা ভয়াবহ দুর্নীতির মাধ্যেমে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার ফলে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, পুলিশ দিয়ে আন্দোলনে বাঁধা প্রদান করে কোন স্বৈরাচারই টিকে থাকতে পারেনি। এই ‘ফ্যাসিস্ট’ সরকারও টিকে থাকতে পারবে না।
আলোচনাকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল হাসান কয়েছ লোদি, ফখরুল ইসলাম ফারুক, গোলাম রব্বানী, মামুনুর রশিদ মামুন, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, মাহবুব আলম, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, রফিকুল ইসলাম শাহপরান, অ্যাডভোকেট আল আসলাম মুমিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি