নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে অপহৃত ১৪ মাস বয়সী এক শিশুকে পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো সেলিম মঙ্গলবার, ৩০ মে দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে খুন, ধর্ষণ, চাঞ্চল্যকর মামলার আসামি ও অপহরণকারী গ্রেফতারে। এরই ধারাবাহিকতায় অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হলো।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৭ মে সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মো ফয়জুদ্দিনের ছেলে শাহজাহান বাড়ি হতে নিখোঁজ হয়। তাকে কোথাও না পেয়ে তার পিতা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় এলাকায় জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে গোয়াইনঘাট থানা পুলিশ ভিকটিম উদ্ধারে তৎপর হয়।
তিনি জানান, এক পর্যায়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে মমতা বেগমের (৪৫, স্বামী আব্দুর রাজ্জাক, সর্দারপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ) নিকট থেকে অপহৃত শিশু শাহজাহানকে উদ্ধার ও মমতা বেগমকে অপহরণের দায়ে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নামের এক ব্যক্তি নিজের প্রকৃত পরিচয় গোপন করে শাহজাহানকে অপহরণের পরিকল্পনা করে। এর অংশ হিসেবে সে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। প্রায় ২০ দিন সেখানে অবস্থান করে পরিবারের সবার বিশ্বস্ততা অর্জন করে আসামি জাফর অপহরণের সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে সুযোগ বুঝে সে শাহজাহানকে অপহরণ করে মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।
পলাতক আসামি জাফরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সাংবাদিকদেরকে জানানো হয়।