সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সৌজন্য সাক্ষাত

প্রকাশিত May 28, 2023
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সৌজন্য সাক্ষাত করেছেন।
এই সাক্ষাতে সিলেটের সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতার রাজনীতির ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় সংযোজিত হলো।
আনোয়ারুজ্জামান চৌধুরী রবিবার, ২৮মে সকালে মহানগরীর কুমারপাড়ায় আরিফুল হক চৌধুরীর বাসভবনে যান। মেয়র ও তার সহধর্মিণী সামা হক চৌধুরী তাকে স্বাগত জানান।
এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিক পরিচালনায় টানা ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেয়র আরিফুল হক চৌধুরীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
বর্তমান মেয়র তার অভিজ্ঞতার কথা তুলে ধরে আগামী দিনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রার্থী হননি।