নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী স্বামী আনোয়ারুজ্জামান চৌধুরী। তাই সহধর্মিণী হলি চৌধুরী ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাইছেন ‘নৌকা’য়। একই সঙ্গে সবার কাছে দোয়াও কামনা করছেন।
শনিবার, ২৭ মে সকালে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের মধ্যে দেখা যায় তাকে। সেখানে তিনি শুভেচ্ছা বিনিময় করেন সকলের সঙ্গে। সেই সঙ্গে একটি স্মার্ট ও বাসযোগ্য নগরী বিনির্মাণে সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্যে দোয়া ও সমর্থন কামনা করেন। তার বিনম্র সম্ভাষণ ও আবেদন সবাইকে আপ্লুত করে।
এ সময় হলি চৌধুরী বলেন, ‘আপনারা আমাদের পাশে থাকুন। সিলেটের স্বার্থে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করুন আমাদেরকে। আমরা আপনাদেরকে উন্নয়ন দেবো। আনোয়ারুজ্জামান চৌধুরী একজন কাজের মানুষ। নির্বাচিত হলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে পুণ্যভূমি সিলেটকে স্মার্ট আধ্যাত্মিক পর্যটন নগরীর রূপ দিতে সমর্থ হবেন-ইনশাল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা আবেদ হোসেন, অধ্যাপক ডা এ কে এম দাউদ, অধ্যাপক ডা মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার ও রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা আরমান আহমদ শিপলু।