বাহুবলে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জের ৩ নারী নিহত || আহত ১০ জন

প্রকাশিত May 27, 2023
বাহুবলে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জের ৩ নারী নিহত || আহত ১০ জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের মৌচাক এলাকায় পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তারা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন।
পুলিশ জানায়, গোবিন্দপুর গ্রামের ১৫ নারী-পুরুষ পিকআপ যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে বাহুবল উপজেলার মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নারী মারা যান। এছাড়া পিকআপ যাত্রী বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ জন আহত হন। তাদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাকিবুল ইসলাম খান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।