সিলেটকে স্মার্ট নগরী গড়তে আনোয়ারুজ্জামানের জন্যে ‘নৌকা’য় ভোট চাইলেন নাদেল

প্রকাশিত May 26, 2023
সিলেটকে স্মার্ট নগরী গড়তে আনোয়ারুজ্জামানের জন্যে ‘নৌকা’য় ভোট চাইলেন নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জাতি, ধর্ম, বর্ণ, নারী ও পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২১ জুন ‘নৌকা’ মার্কায় আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিয়ে সিলেট মহানগরীকে স্মার্ট ও আধুনিক নগরী গড়তে মনিপুরী সম্প্রদায়সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজেদের নাগরিক অধিকারসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন, যা রাষ্ট্র নিশ্চিত করেছে।
শুক্রবার, ২৬ মে সকালে মির্জাজাঙ্গালে মনিপুরী রাজবাড়িতে সমন্বিত মনিপুরী সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট ধর্মীয় সম্প্রীতির একটি গৌরবময় অঞ্চল। এ অঞ্চলের সকল মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে।
তিনি মনিপুরী সম্প্রদায়ের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং নির্বাচিত হলে সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
মনিপুরী সমাজের জ্যেষ্ঠ পুরোহিত বেনু ভূষণ ব্যানার্জির সভাপতিত্বে ও রবিকিরণ সিংহ রাজেশেরর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, জেলা যুবলীগের সভাপতি, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও সিলেট মণিপুরী পঞ্চায়েতের সেক্রেটারি য়ুম্নাম পরিমল সিংহ। শুভেচ্ছা জ্ঞাপন করেন উত্তম সিংহ রতন, সমেন্দ্র সিংহ, জি অশোক শর্মা, প্রশান্ত কুমার সিংহ, ফলেম নরেন ও উপেন্দ্র সিংহসহ নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি