নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বৃহত্তম সিটি করপোরেশন গাজীপুরে মেয়র নির্বাচিত হলেন জায়েদা খাতুন। মেয়র পদ থেকে অপসারিত ও আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্যে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের মা প্রার্থী হিসেবে প্রথম থেকেই আলোচনায় ছিলেন; কিন্তু ভোট প্রাপ্তিতে চমক দেখিয়ে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খানের মতো একজন নেতাকে পরাজিত করে নির্বাচিত হবেন-সেটা অনেকের বিশেষ করে কল্পনায়ও ছিলনা।
নির্বাচনী বছরে বৃহস্পতিবার, ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কিছু বার্তা দিয়েছে। যেমন : সরকার চাইলে আর নির্বাচন কমিশন সাহস করলে অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ইচ্ছে করলেই জনসম্পৃক্ততায় থাকা কাউকে উদ্দেশ্যমূলকভাবে ছলে-বলে-কৌশলে বিচ্ছিন্ন করে ফেলা যায়না। প্রযুক্তি কোনো সমস্যা নয় অর্থাৎ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটাধিকার প্রয়োগ অসাধ্য সাধনে সিদ্ধহস্ত বাঙালির কোনোরকম অসুবিধা নেই। নির্বাচন বর্জনে অভ্যস্ত হয়ে পড়া বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা ভোট কেন্দ্রে না গেলেও সাধারণ কর্মী-সমর্থকদের দিয়ে ঠিকই ভোটাধিকার প্রয়োগ করিয়েছেন-না হলে ৫০ শতাংশ ভোট পড়তোনা। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জায়েদা-জাহাঙ্গীরের আস্থা। মা-ছেলে দুজনেই বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। নিশ্চয়ই দেখা হবে। এটা নিশ্চিত, সরকার প্রধান শিল্পসমৃদ্ধ গাজীপুরের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতাও করবেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন বিএনপির অধ্যাপক এম এ মান্নান। সুতরাং গ্রাম-শহরের মিশ্রণ এই মহানগরীতে আওয়ামী লীগ বিরোধী ভোট বেশি সেটা বলার অপেক্ষা রাখেনা।
অন্যদিকে সরকার দল অর্থাৎ আওয়ামী লীগের নেতারা কল্পনা করেছিলেন, যেহেতু বিএনপি এবার নির্বাচনে থাকছেনা এবং দলটির নেতা-কর্মী-সমর্থক সবাই ভোটদানে বিরত থাকবেন বলে ঘোষণা করা হয়েছে সেহেতু অনিয়ম-দুনীতির লেবাস পরিয়ে দেওয়া জাহাঙ্গীর আলমের ‘অখ্যাত’ মা জায়েদা খাতুন তো নস্যি-মেরুদণ্ড সোজা করে খাড়া হতেই পারবেননা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চাল দিতে ওস্তাদ এই নেতারা বিএনপির চাল ধরতেই পারেননি-একবারও ভাবেননি যে, জিয়া-খালেদার দল জিদের ভাত খাবেনা; কিন্তু চিবিয়ে ফেলে দিতে পারে। আসলে করেছেও তাই। বর্জন বর্জন করে তর্জন গর্জন করলেও ভোটারদেরকে ঠিকই ভোটকেন্দ্রে পাঠিয়ে দিয়েছে, অন্যভাবে বলা যেতে পারে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
কয়েকজনকে স্থায়ীভাবে বহিষ্কার করার পরও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একজন প্রার্থী ছিলেন। তবে ভোট প্রাপ্তি উল্লখযোগ্য নয়। কাউন্সিলর পদেও ছিলেন দলীয় পরিচয়বিহীন অনেকে-পরবর্তী সময়ে পরিচয় মিলবে। এই প্রার্থীদের বিএনপি সমর্থক আত্মীয়স্বজন অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলে গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হলেও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, তাও তখন-যখন অন্যতম বিশ্বমোড়ল আমেরিকা অবাধ-সুষ্ঠু নির্বাচনের দোহাই দিয়ে নতুন ভিসানীতি ঘোষণা করেছে।
আওয়ামী লীগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েছে বলে বিএনপি আত্মতৃপ্তি খুঁজতে পারে: কিন্তু এর বিপরীতে ভোটাধিকার প্রয়োগ থেকে দলীয় কর্মী-সমর্থকদেরকে সরিয়ে রাখতে না পারার ব্যর্থতা আবারও দলটির কথা ও কাজের অমিল প্রমাণ করলো। নেতাদের এত গরম গরম কথা, কড়া কড়া নির্দেশনা ও স্থায়ী-অস্থায়ী বহিষ্কার; কিন্তু শেষ হাসিটা বিএনপি নেতাদের ভাষায় ‘রাতের ভোটের সরকার’ ‘বিনা ভোটের সরকার’ ‘হামলা মামলার সরকার’ ‘স্বৈরাচারী সরকার’ ও ‘ফ্যাসিস্ট সরকার’ই হাসলো।
বিএনপি এভাবে ‘নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ’ করতে পারে আসন্ন সিলেটসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও। তাই প্রতিদিন হল-হোটেলে বড় বড় সভা আর ‘শোডাউন’ করে বিজয়ের স্বপ্নে বিভোর আওয়ামী লীগ গাজীপুর নির্বাচনে বিএনপির বিশেষ উদ্দেশ্যে প্রণীত ‘আমিও নাই তুমিও নাই’ ‘কৌশল’ থেকে শিক্ষা নেয় কি না তাই এখন দেখার বিষয়। পরে মাথা চাপড়ে লাভ হবেনা।