জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ‘নৌকা’ বোঝাই ভোটে আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা নূরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার, ২৫ মে শান্তিপূর্ণ পরিবেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে এ উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রাত সাড়ে ৮টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। পরে তিনি বিজয়ী প্রার্থীর হাতে লিখিত ফলাফল হস্তান্তর করেন।
ভোটের হিসাবে আওয়ামী লীগ প্রার্থী নূরুল ইসলাম ২২ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট। অর্থাৎ দ্বিগুণ ভোটে ‘নৌকা’র জয় এসেছে।
অন্যান্য প্রার্থীর মধ্যে জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালী সিতু ৬ হাজার ১৪৪ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী হারুন রাশীদ ৪ হাজার ৭৭৫ ভোট ও জাতীয় পার্টর আতাউর রহমান ১ হাজার ২৮৬ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেন নির্বাচিত হন; কিন্তু ২৬ ডিসেম্বর তিনি মারা যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়।