জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শান্তিপূর্ণ একটি দেশ, অঞ্চল ও বিশ্ব দেখতে চেয়েছিলেন।
মঙ্গলবার, ২৩ মে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিশ্বশান্তির অগ্রদূত বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, এই দিনে শপথ নিতে হবে বঙ্গবন্ধু যেমনি শান্তিপূর্ণ একটি দেশ, অঞ্চল ও বিশ্ব দেখতে চেয়েছিলেন তেমনি শান্তির একটি দেশের জন্য দেশে ও দেশের বাইরে সবাইকে কাজ করতে হবে।
বক্তারা উল্লেখ করেন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালির আন্দোলনের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র গঠনে জাতির পিতা যে মৌলিক ধারণার জন্ম দিয়েছিলেন তা সারা পৃথিবীর শান্তি ও মুক্তিকামী মানুষের কাছে এক অনন্য সম্পদে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির মূল উপজীব্য বিষয় ছিল ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় এবং সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান’, যা আজকের দিনেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রাসঙ্গিক ও অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে। ১৯৭৫ সালে তাকে হত্যা করে এ দেশে অশান্তির বীজ বপন করা হয়। এখনও দেশের ভেতর একটি মহল সর্বদা অশান্তি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, যা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠেকিয়ে যাচ্ছেন। এখন তাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচনায় অংশ নেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মো ছাদেকুল আরেফিন মাতিন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা উত্তম বড়ুয়া, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নাছিম আখতার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক অহিদুজ্জামান চাঁন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড অসীম কুমার সরকার ও জেষ্ঠ্য সাংবাদিক শোয়েব চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। সংবাদ বিজ্ঞপ্তি