নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের আসন্ন পঞ্চম নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার, ২৩ মে দুপুরে তিনি মহানগরীর মেন্দিবাগ এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেতে গিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরবাসীর সেবার ব্রত নিয়ে তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন। তার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘আমি মানুষের জন্য রাজনীতি করি-মানবসেবার জন্য রাজনীতি করি। মানবসেবাই আমার জীবনের ব্রত। তাই দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিলেট মহানগরীর সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিবেন।’
তিনি বলেন, গত ১০ বছরে অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেটের অনেক ক্ষতি হয়েছে। নগরবাসীকে অনেক দুর্ভেোগ পোহাতে হচ্ছে। মেয়র হিসাবে নির্বাচিত হলে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এসব দুর্ভোগ লাঘব করা হবে। মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি সুরমা নদী খননের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করবো-ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ।
এর আগে আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।