যুবকদের আউটসোর্সিং কাজের ক্ষেত্র বাড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত May 22, 2023
যুবকদের আউটসোর্সিং কাজের ক্ষেত্র বাড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে তিনি দলমতের উর্ধ্বে উঠে সকল শ্রেণিপেশার মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করবেন।
সোমবার, ২২ মে দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলের নিচতলায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেটের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, তিনি সিসিক মেয়র নির্বাচিত হলে সিলেটে যুবকদের আউটসোর্সিং কাজের ক্ষেত্র বাড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়াও সিলেটের জন্য উচ্চগতির ট্রেন, সুরমা নদী খনন ও বিভিন্ন ভবন ঝুঁকি মুক্ত করতে আন্তরিকভাবে কাজ করবেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আজমল আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সরকারি কৌশলী অ্যাডভোকেট রাজ উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী শাহ মো মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম ও অ্যাডভোকেট জুবায়ের বক্ত জুবের। সংবাদ বিজ্ঞপ্তি