সিসিক নির্বাচন : মনোনয়নপত্র দাখিল করলেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল

প্রকাশিত May 22, 2023
সিসিক নির্বাচন : মনোনয়নপত্র দাখিল করলেন জাতীয় পার্টি মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার, ২২ মে বিকেল ৩টায় তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বাবুল বলেন, নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে নগরীর ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্লানের মাধ্যমে তিনি নান্দনিক নগরীতে রূপান্তরিত করবেন।
জাপা প্রার্থী বলেন, নগরবাসী অতীতে মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ দিলেও সঠিক পরিকল্পনার কারণে নগরবাসী কোন উন্নয়নের সুবিধা পাচ্ছেননা। তিনি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করবেন।
জাতীয় পার্টিতে কোন দ্বিধাবিভক্তি নেই দাবি করে তিনি বলেন, ‘লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ। কোন ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত-ইনশাআল্লাহ।’
মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ সহ পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি