প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেও প্রথম হতে পারলেননা আরিফ || এগিয়ে থাকলেন কয়েস লোদী

প্রকাশিত May 21, 2023
প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেও প্রথম হতে পারলেননা আরিফ || এগিয়ে থাকলেন কয়েস লোদী

বিশেষ প্রতিবেদক : অরিফুল হক চৌধুরী শেষপর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে গেলেন। অনুগত থাকলেন দলের প্রতি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অবশ্য নির্বাচন বর্জন কতটুকু রাজনৈতিক প্রজ্ঞা প্রসূত চিন্তা-ভাবনা-এ নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি আছে।
সিসিক নির্বাচনে পরপর দু’বারের নির্বাচিত মেয়র আরেকবার গণরায় নিয়ে হ্যাট্টিক করতে চাইবেন বলেই নগরবাসীর একাংশের ধারণা ছিল। অন্যদিকে দোলাচলে ছিলেন অন্য অংশ। আরিফুল হক চৌধুরীর ভূমিকাও ছিল দোদুল্যমান-রীতিমতো রহস্যজনক। লন্ডন গেলেন। দেখা করলেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বার্তা দিলেন, নির্বাচন করবেননা; কিন্তু দেশে ফেরার দিন আভাস দিলেন অন্যরকম। পরে পয়লা মে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে শ্রমিক দলের সমাবেশে জানালেন, বিএনপি দেশের অন্যান্য সিটি করপোরেশন নির্বাচন বর্জন করলেও সিলেটে অংশ নেবে। এ ব্যাপারে ২০ মে একই জায়গায় সমাবেশ করে জানান দিবেন আনুষ্ঠানিকভাবে। পরবর্তী কয়েকদিন মুখ না খুললেও সিলেট-ঢাকা-সিলেট দৌড়াদৌড়িতে পার করে দিলেন। এ সময় ঢাকায় যেমনি বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তেমনি সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজনের সঙ্গে তার দেখা-সাক্ষাত হয়-এমন খবর ‘নির্বাচনী হাওয়া’য় ভেসে বেড়াচ্ছিল। এ সম্পর্কে তিনি নীরব থাকলেও এটা স্পষ্ট বুঝা যাচ্ছিল যে, দু’দিকে থেকেই তাকে চাপে রাখা হয়েছে।
এমন অবস্থায় ১৮ মে, এ পর্যন্ত অনুষ্ঠিত সিসিক নির্বাচনে অপরাজিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা রেজাউল হাসান কয়েস লোদীর দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার আকস্মিক ঘোষণা আরিফুল হক চৌধুরীকে বেকায়দায় ফেলে দেয়। দস্তুর মতো ‘শ্যাম রাখি না কুল রাখি অবস্থা’। হয় ধনে-মানে পুষ্ট মেয়র পদ না হয় রাজপথ। এর কোন বিকল্প নেই।
এরমধ্যেই চাউর হয়ে যায় মেয়র পদে তার সহধর্মিণীর নাম; কিন্তু আরিফুল হক চৌধুরী পোক্ত রাজনীতিবিদ-জনপ্রতিনিধি। নগরবাসীর নাড়ি-নক্ষত্র জানেন। তাই ঝুঁকি নেননি। এবার বর্ধিত এলাকা নিয়ে সিসিক নির্বাচনে ‘শ্বশুরবাড়ির ভোট’ ফল দেবেনা বুঝতে পেরেই তিনি সে পথ মাড়াননি। অবশ্য এজন্যে কেউ কেউ তাকে দোষারূপ করছেন।
অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত দিন, ২০ মে। দুপুর ২টা থেকেই জমজমাট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ। আড়াইটায় নাগরিক সভা (আগের দিন বলা হয়েছিল সংবাদ সম্মেলন)। আরিফুল হক চৌধুরীর আসতে দেরি হলো প্রায় ৪৫ মিনিট। কারণ তিনি হজরত শাহজালাল (র) মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। এ খবর জানার পর উপস্থিত সবাই আবার দোলাচলে পড়ে যান। এ সময়ই বেশি বেশি উচ্চারিত হতে থাকে সামা হক চৌধুরীর নাম ও তাকে মেয়র পদপ্রার্থী করার বিষয়টি। কয়েকজন সংবাদকর্মীর মোবাইল ফোন সেটে তার ছবিও দেখা যাচ্ছিল।
যাই হোক, শেষপর্যন্ত হিসাব-নিকাশের অবসান হলো। আরিফুল হক চৌধুরী নানা অভিযোগ তুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তই ঘোষণা করলেন। আনুগত্য প্রকাশ করলেন দলীয় সিদ্ধান্তের প্রতি। কর্মী থেকে ধাপে ধাপে নেতার আসনে উপনীত একজন রাজনীতিবিদের কাছে ভোগের পরিবর্তে এমন ত্যাগের উদাহরণই সাধারণ মানুষ প্রত্যাশা করে।
তবে দেরি করে ফেললেন আরিফুল হক চৌধুরী। পিছিয়ে পড়লেন রাজনৈতিক দৌড়ে। প্রথম হতে পারলেননা। কঠিন চালে মেয়রকে কাত করে বাজিমাত করে নিলেন প্যানেল মেয়র-১ হয়েও সময়কালে গদি বঞ্চিত রেজাউল হাসান কয়েস লোদী। একেই বলে সময়ের সদ্ব্যবহার। কারও কারও ভাষায় কৌশলী প্রতিশোধ, যা একজনের পদচ্যুতিতে ভবিষ্যতে অন্যজনের পদ লাভের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি করে দিলো।