আওয়ামী লীগ নির্বাচনমুখী দল || দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে বের করে দেওয়া হবে : নানক

প্রকাশিত May 20, 2023
আওয়ামী লীগ নির্বাচনমুখী দল || দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে বের করে দেওয়া হবে : নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ বরাবরই নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। নেতাকর্মীরা নির্বাচন নিয়ে আগ্রহী। কারণ, ক্ষমতার পটপরিবর্তনের উত্তম উপায় হচ্ছে নির্বাচন।
তিনি আরও বলেছেন, যারা অগণতান্ত্রিক তাদের নির্বাচনে আগ্রহ থাকেনা। কেউ কেউ আত্মমর্যাদা হারানোর ভয়ে নির্বাচনে দাঁড়াতে চায়না। আবার কারও কারও ইচ্ছা থাকলেও তথাকথিত নেতাদের রক্তচক্ষুর ভয়ে সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বা বয়কট করে। এটাই হচ্ছে অগণতান্ত্রিক মানসিকতা।
শনিবার. ২০ মে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারণার জন্য গঠিত পশ্চিমাঞ্চলীয় সেন্টার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা অগণতান্ত্রিক মানসিকতার তাদেরকে দেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। তাদের কোন জনসমর্থন নেই। কেউ নির্বাচনে এলো কি-না, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসেনা।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে শেখ হাসিনার নেতাকর্মী হিসাবে গড়ে তুলতে হবে। কাউকে ‘মাই ম্যান’ বানানো যাবেনা। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা স্পষ্ট করে দেন, এই নির্বাচনে যেসব নেতাকর্মী ত্যাগ স্বীকার করবেন কর্ম অনুযায়ী তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। আর যারা কাজ করবেননা বা দলের সিদ্ধান্তের বাইরে যাবেন তারা দয়া করে দল ছেড়ে দিবেন। অন্যথায় দল থেকে বের করে দেওয়া হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা সহসভাপতি আশফাক আহমেদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জি এম জেড কয়েছ গাজী, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর যুগ্মসাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, বিধান কুমার সাহা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগের মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি