নিজস্ব প্রতিবেদক : সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম, জামেয়া ক্বাসিমুল উলুম হজরত শাহজালাল (র) দরগা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ‘গাছবাড়ি হুজুর’ খ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মুহিব্বুল হক আর নেই।
বুধবার, ১৭ মে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি ইন্তেকালে করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। সন্ধ্যায় নিজের অফিস কক্ষে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই আলেমে দ্বীনকে মৃত ঘোষণা করেন।
মুফতি মুহিব্বুল হকের মৃত্যুর খবরে সিলেটের আলেম সমাজসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গাছবাড়ি হুজুরের মৃত্যুতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, দেশজুড়ে ছড়িয়ে থাকা গাছবাড়ি হুজুরের অসংখ্য ছাত্র, ভক্ত ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।