সাংবাদিক অন্যায় করলে আদালতে সাজা হয় || প্রেস কাউন্সিলে তিরষ্কার : বিচারপতি নিজামুল হক

প্রকাশিত May 17, 2023
সাংবাদিক অন্যায় করলে আদালতে সাজা হয় || প্রেস কাউন্সিলে তিরষ্কার : বিচারপতি নিজামুল হক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের প্রতি দায়বদ্ধতা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ প্রণয়ন করেছিলেন। সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। তার নির্দেশেই সাংবাদিকদের ডাটাবেজ ও নতুন নীতিমালা হচ্ছে। অচিরেই প্রেস কাউন্সিল আরও শক্তিশালী হবে।
মঙ্গলবার, ১৬ মে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সাংবাদিকদের নিয়ে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন।
বিচারপতি মো নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা রয়েছে। সাংবাদিক অন্যায় করলে প্রেস কাউন্সিল কিছু করতে পারেনা। কোন সাংবাদিক ভুল বা অন্যায় করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার সর্বোচ্চ শাস্তি হলো তিরস্কার করা। তাই অনেকেই প্রেস কাউন্সিলে না গিয়ে আদালতের দারস্থ হন। সেখানে সাংবাদিকের বিরুদ্ধে শাস্তি জেল-জরিমানা সবই হচ্ছে অথচ একই বিষয়ে প্রেস কাউন্সিল বিচার করলে সেখানে শাস্তি হলো তিরস্কার। বাংলাদেশ প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়িয়ে আইনের সংশোধন এনে জরিমানার বিধান চালু করা প্রয়োজন। প্রেস কাউন্সিলে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আইনটির সংশোধন কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি বাস্তবায়িত হলে প্রেস কাউন্সিলের শক্তি বাড়বে এবং হলুদ সাংবাদিকতা বাদ দিয়ে আসল সাংবাদিকতা ফিরে আসবে। সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করতে হবে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও প্রেস কাউন্সিল তত্ত্বাবধায়ক মো সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন তুলে ধরে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো মাসুদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো আনোয়ার হোসেন।
সেমিনার ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারী মৌলভীবাজার জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সাংবাদিকতায় বিদ্যমান নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।