জকিগঞ্জে যৌতুকের জন্যে স্ত্রীকে নিযার্তনকারী আলকাছ উদ্দিন মামলার ৩ ঘণ্টার মধ্যেই গ্রেফতার

প্রকাশিত May 14, 2023
জকিগঞ্জে যৌতুকের জন্যে স্ত্রীকে নিযার্তনকারী আলকাছ উদ্দিন মামলার ৩ ঘণ্টার মধ্যেই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনকারী আলকাছ উদ্দিন (৩২) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, প্রায় ৬ মাস পূর্বে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে আলকাছ উদ্দিনের সঙ্গে সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের মৃত মকদ্দছ আলীর মেয়ে রিমা আক্তারের (২৭) বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিল স্বামী। দাবি অনুযায়ী টাকা না পেয়ে মাঝে মধ্যে রিমা আক্তারের উপর চালাচ্ছিল শারীরিক ও মানসিক নিযার্তন। এই অপকর্মে সহযোগিতা করতো তার বড় ভাই জয়নাল আবেদীন। এই নির্যাতনের জের ধরে দাম্পত্য কলহ লেগেই থাকতো।
গত ১১ মে রাত ৯টার দিকে স্ত্রীর কাছে আবারও স্বামী যৌতুকের টাকা চাইলে অপারগতা প্রকাশ করে রিমা আক্তার। এতে ক্ষেপে নিয়ে আলকাছ উদ্দিন অকথ্য নির্যাতনে রক্তাক্ত জখম করে স্ত্রীকে। তার চুল কেটে ফেলে ভাসুর জয়নাল আবেদীন। সেও তাকে প্রচণ্ড মারপিট করে। এ অবস্থায় রিমা আক্তার কোনমতে ছুটে গিয়ে পার্শ্ববর্তী পুকরা গ্রামে মো জাকির হোসেনের বাড়ি গিয়ে আত্মরক্ষা করে।
জাকির হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার কথা জানান। একই সঙ্গে রিমা আক্তারের অভিভাবকদের খবর দেন।
৯৯৯ নম্বরে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিমা আক্তারকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দিয়ে চিকিৎসার জন্যে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
পরবর্তী সময়ে রিমা আক্তার বাদি হয়ে জকিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক ওসি জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার দ্রুত মামলা এফআইআর করে আসামি গ্রেফতারের নির্দেশ দিলে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা রুজু হয় এবং জকিগঞ্জ থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মামলা রুজু হওয়ার ৩ ঘণ্টার মধ্যেই স্ত্রীকে নিযার্তনকারী স্বামী আলকাছ উদ্দিনকে গ্রেফতার করে।