মন্দির গীর্জা ও প্যাগোডার সংস্কার ও প্রয়োজন অনুসারে আয়তন বৃদ্ধির উদ্যোগ নেবেন আনোয়ার

প্রকাশিত May 13, 2023
মন্দির গীর্জা ও প্যাগোডার সংস্কার ও প্রয়োজন অনুসারে আয়তন বৃদ্ধির উদ্যোগ নেবেন আনোয়ার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর লীলাভূমি। হযরত শাহজালাল (র.) ও শ্রীচৈতন্য দেবের স্মৃতিধন্য এ মাটিতে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য প্রাচীন। মহান মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রীতির ধারা বহমান রাখতে স্বাধীনতার প্রতীক ’নৌকা’কে বিজয়ী করতে হবে।
শনিবার, ১৩ মে সন্ধ্যায় মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশন এলাকায় অন্যান্য ধর্মাবলম্বীর ধর্মচর্চাসহ সার্বিক জীবনযাপনে যেসব সমস্যা এখনও বিদ্যমান সেগুলো তিনি নির্বাচিত হলে অবশ্যই সমাধান করা হবে।
মন্দির, গীর্জা ও প্যাগোডাগুলোর সংস্কার ও প্রয়োজনীয় ক্ষেত্রে আয়তন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবেন বলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা করেন।
সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে সবাইকে ’নৌকা’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আনোয়ারুজ্জামান চৌধুরী আহ্বান জানান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় মতবিনিময় সভায় দুই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করছেন। আওয়ামী লীগ সবসময় সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। সিলেট মহানগরীর মানুষও দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিতে জীবন যাপন করছেন।
সিলেট মহানগরীতে বসবাসরত সব ধর্মাবলম্বীর যাবতীয় সমস্যা সমাধানে আনোয়ারুজ্জামান চৌধুরী আন্তরিকভাবে কাজ করবেন বলেই তারা বিশ্বাস রাখেন বলে উল্লেখ করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সহসভাপতি বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাস, যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকার ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদের সাবেক মহানগর সভাপতি সুব্রত দেব, খ্রিস্টান ধর্মীয় নেতা ডিকন নিঝুম সাংমা, বৌদ্ধ ধর্মীয় নেতা উৎফল বড়ুয়া, যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু ও ছাত্র ঐক্য পরিষদের মহানগর আহবায়ক রকি দেব। সংবাদ বিজ্ঞপ্তি