বাঁধ নির্মাণ করে বন্যা থেকে মহানগরবাসীকে মুক্ত রাখার পরিকল্পনা আনোয়ারুজ্জামান চৌধুরীর

প্রকাশিত May 13, 2023
বাঁধ নির্মাণ করে বন্যা থেকে মহানগরবাসীকে মুক্ত রাখার পরিকল্পনা আনোয়ারুজ্জামান চৌধুরীর

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যা বলেন তা করে দেখান। ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন ছিল-এখন বাস্তব। আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নও পুরণ হবে। আর সেই স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী হিসেবে সিলেটকে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে আগামী ২১ জুন ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
শুক্রবার, ১২ মে সন্ধ্যায় মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মাসুম ও যুগ্মসাধারণ সম্পাদক কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। সারাদেশে বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে; কিন্তু সেই তুলনায় সিলেট এখনও অনেক পিছিয়ে। তাই ‘নৌকা’র প্রার্থীকে বিজয়ী করে মেয়রের চেয়ারে বসাতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিলেটের পিছনে পড়ে থাকার কোন সুযোগ নেই।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে অল্প বৃষ্টিতেই সিলেট মহানগরবাসীকে বানের পানিতে হাবুডুবু খেতে হয়। মশার প্রজনন কেন্দ্রগুলো ধ্বংসের কোন কার্যকর উদ্যোগই নেওয়া হয়নি। এই নগরবাসীর যন্ত্রণার আরেক নাম মশা। তিনি নির্বাচিত হলে সিলেটকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলবেন। আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দেশের সেরা নগরবিদদের পরামর্শ নিয়ে শহররক্ষা বাঁধ নির্মাণ করে বন্যার হাত থেকে নগরবাসীকে রক্ষা করা হবে।
শাহজালাল উপশহর বি-ব্লক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিসিক কাউন্সিলার অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক অ্যাডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো এনাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি