সাংস্কৃতিক প্রতিবেদক : ‘সংস্কৃতির শক্তিতে জেগে ওঠো বাংলাদেশ’ আহ্বান রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার, ১২ মে শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় সম্মেলন উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী। উদ্বোধন পর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের উপদেষ্টাবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের সংগঠক-সদস্যরা উপস্থিত থাকবেন।
উদ্বোধন পর্ব শেষে সকাল সাড়ে ১০টায় মহড়া কক্ষে বসবে সাংগঠনিক অধিবেশন। এতে শোক প্রস্তাব উত্থাপন এবং সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হবে। এছাড়া সাংগঠনিক সক্রিয়তা আরও বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলনকে কেন্দ্র করে সিলেটের সংস্কৃতিকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকের সন্ধ্যা থেকে আবহাওয়া কিছুটা বৈরী থাকলেও আগামীকালের সকাল উজ্জ্বল সূর্যালোকে স্নাত হবে-এ প্রত্যাশায় সংশ্লিষ্ট সবাই সম্মেলন সফলে ব্যস্ত সময় কাটাচ্ছেন।