বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-হকৃবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে কৃষি, মৎস্য এবং প্রাণীসম্পদ বিজ্ঞান ও প্রাণী চিকিৎসা অনুষদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।
এর মধ্য দিয়ে সিলেট বিভাগে আরও একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এবং দ্বিতীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
বুধবার, ১০ মে সকাল ১০ টায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাগত জানান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি। ইতোমধ্যে অস্থায়ী ভিত্তিতে দুটি ভবনে কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তৈরি করেছি। অ্যাপস তৈরি করেছিশিক্ষার্থীদের জন্য। এর মাধ্যমে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকল কাজ পেপারলেস করতে পারবেন। সেমিস্টার ফি পরিশোধ এবং পরীক্ষার ফরম পূরণসহ একাডেমিক সকল কাজও অ্যাপস ব্যবহারের মাধ্যমে করা যাবে। এছাড়া ইন্ট্যারেক্টিভ ডিসপ্লে স্থাপনের মাধ্যমে স্মার্ট শ্রেণিকক্ষ তৈরি করেছি, যা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ইতোমধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব প্রিসিশন এগ্রিকালচার’ স্থাপন অনুমোদিত হয়েছে। সবার সহযোগিতায় আমরা এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই’।
হকৃবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, চলতি মাসেই শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে নিয়ে ওরিয়েন্টেশনের পরিকল্পনা করা হচ্ছে।