সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রশ্ন তুলেছেন, সরকার থেকে কোটি কোটি বরাদ্দ দেওয়া হলেও এক পশলা বৃষ্টি হলেই সিলেট মহানগরী কেন ডুবে যায়।
রবিবার, ৭ মে রাতে মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি সিসিক মেয়রকে উদ্দেশ্য করে এ প্রশ্ন উত্থাপন করেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট মহানগরীর সার্বিক উন্নয়নের জন্য ১৩শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন; কিন্তু সেই টাকা কোথায় ব্যয় হলো। কারণ মহানগরীর দিকে তাকালে তো মনে হয়, এখানে কোন অভিভাবক নেই। চারদিকে ধুলাবালি। মানুষকে কসমেটিক উন্নয়ন দেখানোর চেষ্টা করছেন বর্তমান মেয়র। অনেক অভিনয় করেছেন আর অভিনয়ে কাজ হবেনা।
তিনি নির্বাচিত হলে শাহপরান এলাকায় দুইশ বেডের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা করবেন।
স্মার্ট বাংলাদেশে সিলেটকে প্রথম স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও ভোট চান।
সাবেক শিক্ষক নিকুঞ্জ বিহারী গুহর সভাপতিত্বে এবং সিলেট জেলা যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, প্রদীপ ভট্টাচার্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সদস্য, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এমাদ উদ্দিন মানিক, সদস্য জাকির হোসেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি