নগরবাসীর সুখে সুখী আর দুঃখে দুঃখী হতে চাই : চালিবন্দরে মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান

প্রকাশিত May 6, 2023
নগরবাসীর সুখে সুখী আর দুঃখে দুঃখী হতে চাই : চালিবন্দরে মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, লাঠি হাতে শাসক নয়-সিলেট নগরবাসীর সেবক হিসাবে কাজ করতে চাই। চাই তাদের সুখে সুখী আর দুঃখে দুঃখী হতে। ভোটের সময় অনুনয় বিনয় আর নির্বাচিত হয়েই লাঠি হাতে শাসক হওয়ার শিক্ষা পাইনি। মানুষের জন্যে কল্যাণকর কাজ করতে চাই। নগরভবন থেকে সন্তোষজনক নাগরিক সেবা নিশ্চিত করতে ‘নৌকা’য় ভোট দিন।
শনিবার, ৬ মে সন্ধ্যায় মহানগরীর চালিবন্দর এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
এই ওয়ার্ডের সন্তান, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানকে স্মরণ করে ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তাই মানুষ তাকে ভালোবেসে ‘জনতার কামরান’ বলে অভিহিত করতো। তার সারাটি জীবন সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের জন্য অতিবাহিত হয়েছে।
আসন্ন সিসিক নির্বাচনে নির্বাচিত হলে তিনি বদর উদ্দিন আহমদ কামরানের গৃহীত উন্নয়ন পদক্ষেপগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে ঘোষণা দেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও কামরান পুত্র মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলুর পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সদস্য রাহাত তরফাদার, আবদুল আজিম জুনেল, জেলা আওয়ামী লীগের সদস্য ডা নাজরা চৌধুরী, সাজেদা পারভীন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কালাম আহমদ, হাবিবুর রহমান মজলাই, সাইফুল আলম খান কয়েস, আবুল আহমদ, এম এ মতিন, এনাম আহমদ, বেলাল আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি