বানিয়াচঙ্গের কুশিয়ারতলায় শোকের মাতম থামছেনা || পুরুষশূন্য গ্রামে ধান কাটা হচ্ছে এমপির উদ্যোগে

প্রকাশিত May 5, 2023
বানিয়াচঙ্গের কুশিয়ারতলায় শোকের মাতম থামছেনা || পুরুষশূন্য গ্রামে ধান কাটা হচ্ছে এমপির উদ্যোগে

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলায় শোকের মাতম থামছেনা। গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রামটি। নিরপত্তাহীনায় ভুগছে নারী ও শিশুরা। এমন পরিস্থিতির কারণ জোড়া খুন ও পৃথক তিনটি মামলা। এর জের ধরেই পুরুষরা পালিয়ে আর নারী-শিশুরা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বিকেলে কুশিয়ারতলায় সাবেক ইউপি মেম্বার আজমান মিয়া ও কাছম আলীর লোকজনের মধ্যে গ্রাম্য বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও জখম হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর মিয়া নামের একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ইছাক মিয়া সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জাহাঙ্গীর মিয়া ও ইছাক মিয়া-দু’জনেই কাছম আলীর পক্ষের। এ ব্যাপারে আজমান মিয়াকে প্রধান আসামি দিয়ে দায়ের হয়েছে পৃথক দু’টি মামলা। অন্যদিকে আজমান মিয়ার পক্ষ থেকে কাছম আলীর পক্ষের লোকজনদের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের হয়েছে।
এক পর্যায়ে হত্যা মামলার বাদি পক্ষের বিরুদ্ধে আসামি পক্ষের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও বানিয়াচং থানা পুলিশের উদ্যোগে মক্রমপুর ইউনিয়নের ৮ বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে হত্যা মামলাগুলোর বাদি-বিবাদিদের ক্ষেতের পাকা ধান কাটার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী ৮ সদস্যের পর্যবেক্ষণ কমিটির উপস্থিতিতে ১১ দিন ধরে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে।
শুক্রবার সরেজমিনে কুশিয়ারতলা গিয়ে দেখা গেছে, মক্রমপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার রঙ্গু মিয়া ও হিয়ালা গ্রামের মুরব্বি. ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নূর মিয়া তালুদারের উপস্থিতিতে উভয়পক্ষের ধান কাটা হচ্ছে। সেই কাটা ধান জমিতে রেখেই বিক্রি করা হচ্ছে পাইকারদের কাছে। আর প্রাপ্ত ন্যায্যমূল্য জমির মালিক পক্ষের পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে।