নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত বাংলাদেশ ও ভারতের যৌথ বর্ডার হাটে আগামী শনিবার, ৬ মে সকাল ১০টা থেকে দু’দেশের পণ্য বেচাকেনা কার্যক্রম শুরু হবে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বর্ডার হাটের উদ্বোধন করেছিলেন।
এবার ক্রয়-বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এ সময় সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান ও বাংলাদেশ-ভারত বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন।
ভারতের মেঘালয়ের ইস্টখালি হিলস ও বাংলাদেশে ভোলাগঞ্জে অবস্থিত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে। স্টল থাকবে বাংলাদেশের ২৪টি ও ভারতের ২৬টি। এতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য কেনবেচার সুযোগ পাবেন।
বাংলাদেশী আবেদনকারী বিক্রেতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ২৪ জন বিক্রেতা বাছাই করা হয়েছে। পরবর্তী সময়ে আবেদনকারী অন্য বিক্রেতাদেরকে লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হবে।
আবেদনকারী ক্রেতাদের মধ্যে বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরযুক্ত কার্ড বিতরণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা ও সংবাদিকরা পরিদর্শক হিসেবে কার্ড নিতে পারবেন।
বর্ডার হাটে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমানের বাংলাদেশী টাকায় পণ্য ক্রয় করতে পারবেন। প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা প্রদান করতে হবে। এই টাকা বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে হাটের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। সূত্র তথ্য বিবরণী