নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার দুটি সীমান্ত এলাকা থেকে পৌণে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি আটক করেছে।
৪৮ বিজিবির দুটি বিশেষ ও নিয়মিত টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার, ২ মে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মন্দিরঘাট ও সিঁড়িরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিয়ে যায়।
পরে বিজিবি সসদস্যরা ১ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের এই বিপুল মালামাল আটক করেন। আটককৃত ভারতীয় শাড়িগুলো কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়কের বরাত দিয়ে বিজিবির এক তথ্য বিবরণীতে জানানো হয়, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকে গোয়েন্দা তৎপরতাসহ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।