হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার, ১ মে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এতে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, লাঠি খেলা, ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুরে পৌর বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সজিব আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জ্যেষ্ঠ সহকারী কমিশনার তুহিন হোসেন ও হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমান জিতু, সাইদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহসম্পাদক শাহেদ মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, শ্রমকল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, মোজ্জাম্মেল হোসেন, খলিলুর রহমান, ফরিদ ইদ্দন, মোহাম্মদ আলী, গোলাপ মিয়া, আবিদুর রহমান, নূরুল আমিন লালন, কাউছার মিয়া ও ইকবাল ভান্ডারী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির জানান, ঢাকা-সিলেট মহাসড়ককে ৮ লেনে উন্নীত করা হবে। ইতোমধ্যে এ কাজের টেন্ডার হয়ে গেছে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মহাসড়কসহ সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও ‘নৌকা’য় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।
অ্যাডভোকেট মো আবু জাহির হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কল্যাণ ফান্ডে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।