পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম || জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স : আইজিপি

প্রকাশিত April 29, 2023
পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম || জঙ্গি ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ তদন্তসহ অর্পিত সকল দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জনবল, প্রশিক্ষণ ও সক্ষমতার দিকে থেকে বাংলাদশ পুলিশ প্রস্তুত রয়েছে।
সিলেটে তিন দিনের সফরের শেষদিন শনিবার, ২৯ এপ্রিল দুপুরে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, দেড়শ বছরের পুরনো প্রতিষ্ঠান পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অনুসরণ করছে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নির্দেশনা। তাই অপরাধীকে অবশ্যই সাজা পেতে হবে। তবে সবকিছুই হবে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিধি মোতাবেক। আগে সবকিছুই জেলা পুলিশকে করতে হতো; কিন্তু এখন পুলিশ বাহিনীকে বিভিন্ন ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে লোকবল। সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরেক প্রশ্নের জবাবে নিশ্চিত করেন, সিলেট জেলা ও মহানগর পুলিশ যদি কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকে তাহলে ক্ষেত্র চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচন কমিশনের দেওয়া সকল দায়িত্ব যথাযথভাবে পালনের পাশপাশি পুলিশ গুজব রটানো, ভূয়া সংবাদ পরিবেশন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও আইজিপি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক-ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।